সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, একটা সময় ছিল যখন শিক্ষা অর্জনের বিষয়টা অভিজাত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থায়ও এসেছে পরিবর্তন। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় নতুন কারিকুলাম কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রবিবার (১৩ মার্চ) সিলেটের গোলাপগঞ্জে পাইলটিং আওতাভূক্ত ৬ষ্ঠ শ্রেণির নতুন কারিকুলাম-২০২২ বাস্তবায়নে শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশে বদরুল ইসলাম শোয়েব আরও বলেন, ‘ফলাফল নির্ভর পড়াশোনা নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জনই নতুন কারিকুলামের লক্ষ্য। একইসঙ্গে শিক্ষার্থীরা যেন মানবিক ও মূল্যবোধসম্পন্ন হন কারিকুলামটি সেভাবে সাজানো হয়েছে। এ কারিকুলাম বাস্তবায়ন হলে গতানুগতিক শিক্ষাব্যবস্থার অবসান হবে এবং বিশ্বমানের শিক্ষাব্যবস্থার ধারায় আমাদের নতুন প্রজন্ম মিশে যাবে।’
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, গোলাপগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার জায়তুন নাহার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক একেএম জাকারিয়া।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




