সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক লেভেল ১, সেমিস্টার ১ -এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। করোনা অতিমারীর কারণে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে এ কার্যক্রম সম্পন্ন হলো।

ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবে খ্যাতনামা ব্যান্ড দল আর্ক।


বিধিনিষেধ কাটিয়ে দীর্ঘদিন পর উৎসবমুখর আয়োজনে উজ্জীবিত হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মাঠে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘খাদ্যে ইতিমধ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, যার অবদান কৃষি বিজ্ঞানী ও কৃষক ভাইদের। বাংলাদেশে মৌলিক ক্ষেত্রে গবেষণার আরও প্রয়োজন রয়েছে”।

এজন্য তিনি নবীন শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় অধিকতর মনযোগী হওয়ার আহবান জানান।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকের বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, “এইচএসসিতে শিক্ষার্থীরা যে পড়াশোনা করেন তার ৪ ভাগের ১ ভাগ পড়াশোনা করলে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফল পাওয়া সম্ভব। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রায় বিনামূল্যে পড়াশোনা করেন। শিক্ষার্থীরা পড়াশোনা ও জ্ঞানচর্চায় নিবেদিত হলে দেশের সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না।

ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. এম. এম. মাহবুব আলম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রফেসর পার্থ প্রতীম বর্মন এবং লেকচারার সুমাইয়া রশিদ।

এর আগে সকাল সাড়ে নয়টা থেকে নবীন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। ১১টা ১০ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে কৃষি অনুষদের মোঃ মনিউর রহমান ফাহিম এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের মোছাম্মত আফিয়া জাহিন অনুভূতি ব্যক্ত করেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫