যুব সমাজকে আরও কর্ম দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের মাঝে সংযোগ স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ক্যারিয়ার হাব- পাওয়ারড্ বাই ব্র্যাক’।

মঙ্গলবার বিকেলে উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ‘ক্যারিয়ার হাব’র উদ্বোধন করেন।


উদ্বোধনীর সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড পার্টনারশিপের ইনচার্জ তাসমিয়া তাবাসসুম রহমান, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট, জেনারেশন আনলিমিটেড’র গ্লোবাল সিইও ড. কেভিন ফ্রে প্রমুখ।

এদিকে উদ্বোধনের আগে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুরের পরে অনুষ্ঠিত সেমিনারে তাসমিয়া তাবাসসুম রহমান ক্যারিয়ার হাবের লক্ষ্য-উদ্দেশ্য ও বিভিন্ন সেবা শিক্ষার্থী এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের চাকরিদাতাদের সামনে তুলে ধরেন। যুবসমাজকে কর্মদক্ষ করে তুলতে ব্র্যাক ‘দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ (এসডিপি) ২০২০ সালে রংপুরে পরীক্ষামূলকভাবে ক্যারিয়ার হাবের কার্যক্রম শুরু করেছিল। পরবর্তীতে ইউনিসেফের অর্থায়নে সিলেটেও শুরু হয়। এখন ক্যারিয়ার হাবের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসে শিক্ষার্থীরা নিজের দক্ষতা মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, ট্রেনিং হাব, চাকরির জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি এবং কাক্সিক্ষত চাকরিতে আবেদন করার সুযোগ পাবে।

অন্যদিকে সকালে অনুষ্ঠানের প্রথমে ‘নো ইয়োর এমপ্লয়ারস্’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। শাবিসহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। সেখানে ব্র্যাক ব্যাংক, বিকাশ, ফুডপান্ডা ও আড়ংয়ের মানবসম্পদ বিভাগের সংশ্লিষ্টরা তাদের প্রতিষ্ঠানে চাকরির আবেদন প্রক্রিয়া এবং চাকরিতে কি কি দক্ষতা প্রয়োজন তা তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের সিনিয়র এইচআর পার্টনার ফারহানা শারমিন সুমি, বিকাশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং অর্গানাইজেশন ডেভেলাপমেন্ট অ্যান্ড এমপ্লোয়ি রিলেশনস্ বিভাগের প্রধান সায়ীদ নাসির, ফুডপান্ডার পিপল অ্যান্ড কালচার বিভাগের প্রধান এইচএম সাইফ এবং ব্র্যাক-আড়ংয়ের মানবসম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার জোহান আহমেদ।

অনুষ্ঠানে ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ স্বাগত বক্তব্যে তরুণদের বলেন, ‘ আপনারা সবসময় ভালো তথ্যের খোঁজ করবেন, যে কাজই করবেন তা নিষ্ঠার সাথে করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনাদের পাশে থাকবে ক্যারিয়ার হাব।’

এদিকে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘বাংলাদেশের তরুণরা যেন তাদের মাঝের সম্ভাবনার চূড়ায় পৌঁছাতে পারে, এজন্য ব্র্যাকের সাঙ্গে এ উদ্যোগের অংশ হতে পেরে ইউনিসেফ আনন্দিত।’ অনুষ্ঠানে জেনারেশন আনলিমিটেডের গ্লোবাল সিইও কেভিন ফ্রে বলেন, ‘ক্যারিয়ার হাব অনেকটা গ্লোবাল সিটিজেনের মূলমন্ত্রকে প্রতিনিধিত্ব করছে, যা প্রয়োজনীয় সকল ধরনের সুযোগের সাথে যুক্ত করার মাধ্যমে তরুণদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।’

ক্যারিয়ার হাবের উদ্বোধনের পরে মিলনায়তনে শাবির ব্যান্ড ‘নোঙর’ এবং জনপ্রিয় রক ব্যান্ড ‘নেমেসিস’ সংগীত পরিবেশন করে।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-২৬