সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের দুইবারের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আমাদের দেশের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জাতি হিসেবে তাঁর মতো নেতা পেয়ে সৌভাগ্যবান হয়েছি। তাঁর জন্মদিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এই মহামানবের মাগফিরাত কামনায় দোয়া করবো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারের জীবিত সকল সদস্যের দীর্ঘায়ূ কামনা করবো।

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বুধবার (১৬ মার্চ) বিকেলে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে আবুল মাল আবদুল মুহিত-এর পরিবারের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।


এসময় সাবেক অর্থমন্ত্রী মুহিত আরও বলেন- মহামানব সবসময় জন্ম হয় না। গত শতাব্দীতে বঙ্গবন্ধুই ছিলেন বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ নেতা। তাঁর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ বিশ্ব দরবারে একটি স্বাধীন দেশের গৌরব অর্জন করতে পেরেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলেতে সক্ষম হয়েছেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এছাড়াও মুহিত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এ কে এম হাফিজ।

পরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক নেতাকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটেন এম এ মুহিত। তারপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের এবং এ এম এ মুহিতের পিতা-মাতার রুহের মাগফেরাত ও দেশের সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম