সিলেট নগরীর মানিকপীর টিলায় স্বজনদের কবর জিয়ার ও আহাজারি। ছবি বাংলাভিউটিভি’র সৌজন্যে।
সিলেটে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন হচ্ছে পবিত্র শবে বরাত। শুক্রবার (১৮ মার্চ) এশার নামাজের পর মসজিদে মসজিদে করোনামুক্তিসহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
অপরদিকে একইদিনে জুমা ও শবে বরাত হওয়ায় সিলেটের কবরস্থানে দিনভর ছিল মানুষের ভিড়। রাতেও স্বজনরা প্রিয়জনের কবর জিয়ারতে ছুটে আসেন।
এই চিত্র দেখা যায় নগরীর সর্ববৃহৎ কবরস্থান মানিকপির টিলায়। অন্যান্য বছর শবে বরাত উপলক্ষে বিকেল থেকে কবরস্থানে ভিড় বাড়লেও শুক্রবার জুমার দিন হওয়ায় দুপুর থেকেই এখনে কবর জিয়ারত করতে আসেন মানুষ। তবে সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়। রাত যত গভীর হয় মানুষের ঢল বাড়তে থাকে।
এসময় নিরিবিলি স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ কুরআন তেলাওয়াত করেন। আবার কেউবা অঝোরে কাঁদেন, কেউ দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
এদিকে জুম্মার পর থেকেই মানিকপীর কবরস্থানের সামনে ভিক্ষুককের ভিড় দেখা যায়। তাদের কেউ অন্ধ, কেউ বিকলাঙ্গ আবার কেউবা প্রতিবন্ধী। যারা কবর জিয়ারত করতে এসেছেন তাদের কাছে সাহায্য চাইছেন তারা। অধিকাংশ মানুষ এ রাতে দুহাত খুলে দান করছেন।
নগরীর বাগবাড়ি এলাকা থেকে জিয়ারতে আসা আখলিছ আহমদ চৌধুরী এ প্রতিবেদককে জানান, কয়েক বছর আগে তার বাবা মারা যান। প্রতি শুক্রবার তিনি কবর জিয়ারত করতে আসেন। শবে বরাত হওয়ায় আজ (শুক্রবার) দুপুরে একবার ও রাতে আবার এসেছেন কবর জিয়ারত করতে।
বাবার কবরের পাশে দাঁড়ালে ক্ষণিকের জন্য তার বাবার অদৃশ্য স্পর্শ অনুভব করেন বলে জানান তিনি। এসময় তিনি ঢুকরে কেঁদে উঠেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




