আর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিলো। সোমবারের ভোর সিলেট জেলা বিএনপির নেতাকর্মীদের জন্য নিয়ে আসতো অ্যনরকম দিন। কিন্তু কেন্দ্রের একটি নির্দেশনায় উবে গেলো নেতাকর্মীদের উচ্ছ্বাস, ভন্ডুল হলো কাউন্সিল ও সম্মেলন।
সিলেট জেলা বিএনপির সোমবারের (২১ মার্চ) কাউন্সিল স্থগিত করা হয়েছে। রোববার (২০ মার্চ) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কাউন্সিল স্থগিত করা হয়। সেই বিজ্ঞপ্তি রোববার রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমে পাঠিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
এর আগেই দুপুর সাড়ে ১২টার দিকে মৌখিকভাবে সিলেট বিএনপির কয়েকজন নেতাকে কেন্দ্র থেকে ফোন করে কাউন্সিল ও সম্মেলন স্থগিতের নির্দেশনাটি জানিয়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে কাউন্সিল স্থগিতের কারণ হিসেবে কেন্দ্র উল্লেখ করে- কাউন্সিল বা নির্বাচনের কমপক্ষে ৭দিন আগে ভোটার বা কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা উচিত। কিন্তু জেলা বিএনপি কাউন্সিলের আগের দিন ভোটার তালিকা প্রকাশ করেছে এবং কেন্দ্রে প্রেরণ করেছে। ফলে কাউন্সিলে সুষ্ঠু ও স্বচ্ছ প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই কাউন্সিল স্থগিত থাকবে।
এদকিে, কাউন্সিল ও সম্মেলন স্থগিতের পরপরই ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। আগামী ২৭ মার্চের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন কেন্দ্রে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এই সময়ের মধ্যে ভোটার তালিকা যাচাই-বাছাই করবে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনকে। তাঁর সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন- সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবু রহমান নজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল ওয়াহিদ সোহেল।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




