সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২০ মার্চ) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ১৩টি দল অংশগ্রহণ করে। তন্মধ্যে ফিনিক্স দলের আইডিয়া ‘এভারকেয়ার’ প্রথম স্থান অধিকার করে। এভারকেয়ার সেবা প্রদানকারী এবং গ্রাহকদের মধ্যে একটি সংযোগ স্থাপনকারী প্ল্যাটফর্ম। ফিনিক্স দলে ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইইই বিভাগের জি.এম সিফাত ইকবাল, আবির রহমান এবং ব্যবসা প্রশাসন বিভাগের রাভিনা বেগম।


কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী মাহফুজ, বিজয় এবং অদিত্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুলভে কম্পিউটার এবং এক্সেসরিজ সরবরাহ করার ব্যবসায়িক ধারণা ‘যেন-৮৬’ প্রথম রানারআপ হয়। ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের উপস্থাপিত আরএসটি মার্কেটিং প্রজেক্টের মাশরুম চাষ প্রশিক্ষণ, উৎপাদন এবং বিপণনের ধারণা প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়।

‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড. মুন্সী নাসের ইবনে আফজাল ও ড. মোহাম্মদ সাদিকুন্নবী চৌধুরী। বিচারকবৃন্দ প্রতিযোগীদের ভূয়সী প্রশংসা ও তাদের প্রজেক্টের খুঁটিনাটি নিয়ে পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গতকাল সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন এবং আইকিউএসির ডিরেক্টর অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, প্রতিযোগিতার বিচারকবৃন্দ এবং হাল্ট প্রাইজের উপদেষ্টা ইমরান উদ্দিন ও আশিকুর রহমান। অনুষ্ঠানে বক্তারা এ ধরনের সময়োপযোগী বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এ ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করার উপর গুরত্ব দেন।

গতকাল বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়েরর ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোহাম্মদ মোকাম্মেল ওয়াহিদ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতার বিজয়ী প্রথম তিনটি দল হাল্ট প্রাইজের আঞ্চলিক প্রতিযোগি্তায় অংশ নেবে। বাংলাদেশের বাইরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে এর স্থান ও সময় এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, হাল্ট প্রাইজের চূড়ান্ত পর্বের প্রাইজমানি ১ মিলিয়ন মার্কিন ডলার।


সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে