যুক্তরাষ্ট্রের সাবেক ও প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) এক শোকবার্তায় ড. মো‌মেন মেডেলিন অলব্রাইটের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মেডেলিন অলব্রাইট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ১৯৯৯ সালে কসোভোতে জাতিগত মুসলিম নিধন ঠেকাতে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তা প্রশংসনীয়।

ড. মোমেন যুক্তরাষ্ট্রে থাকাকালীন তার সঙ্গে কাজের অভিজ্ঞতা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তি‌নি বলেন, মেডেলিন অলব্রাইট একাধারে ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী, কঠোর পরিশ্রমী ও একজন পরিণত শিক্ষক।

ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে বুধবার (২৩ মার্চ) মেডেলিন অলব্রাইট মারা যান।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে