ছবি: মোজাম্মেল হক
সিলেটে চৈত্রের দাবদাহে প্রশান্তির পরশ দিচ্ছে বারিধারা। গেল ২৪ ঘন্টায় কয়েকবার পশলা বৃষ্টিতে স্নাত হয়েছে সিলেট। আগামী ৭২ ঘন্টায় সিলেটে আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সিলেটসহ দেশের চার বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার অবস্থায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে বলেও জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




