বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী তাপস দাস। মৌলভীবাজারের জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক। হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্ধ ভক্ত তিনি।
বঙ্গবন্ধুকে তিনি দেখেননি। তার গল্প শুনে, ইতিহাস পড়ে তাকে অন্তর থেকে ভালোবাসেন। সেই ভালোবাসা থেকে বঙ্গবন্ধুর জন্ম, মৃত্যু ও বিভিন্ন জাতীয় দিবসে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন। পাশাপাশি নিজের সীমিত সামর্থ্যরে মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কিছু করার চেষ্টা করেন।
তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১১টায় উপজেলা শহরের কলেজ সড়কস্থ লন্ডন প্লাজার সামনে ‘বঙ্গবন্ধু ফটোগ্যালারী’র আয়োজন করেন।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ফটোগ্যালারী’তে বঙ্গবন্ধুর শতাধিক দুর্লভ ছবি ও বঙ্গবন্ধুর হাতে লেখা চিঠি স্থান পেয়েছে। ছাত্রলীগকর্মী অরূপ দাস, তাসনীম এনাম, শেখ আরাফাত রাজ, পিয়াসী হক ও স্বপ্ন দে এ আয়োজনে সহযোগিতা দিচ্ছেন।
‘বঙ্গবন্ধু ফটোগ্যালারী’র আয়োজক তাপস দাস এক প্রতিক্রিয়ায় বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ আয়োজন। এতে ব্যাপক সাড়া পাচ্ছি। বিভিন শ্রেণি-পেশার মানুষ এমনকি শিশুরাও প্রদর্শনী দেখতে আসছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী চলবে।
সিলেটভিউ২৪ডটকম/এমএএল/এসডি-১৯




