সিলেট অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে মৃদু তাপপ্রবাহ। এরই মধ্যে এ অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সেই পূর্বভাসকে সত্যি করে আজ (শনিবার) ভোরে সিলেটে হয়েছে ঝুম বৃষ্টি।
টানা প্রায় ১ ঘণ্টার ভারি বৃষ্টিতে রাস্তা-ঘাটের ধুলোবালি কমাসহ বোরো ধান ও রবিশস্যের অনেক উপকার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




