সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ঐতিহ্যবাহী এমসি কলেজে বর্ণিল আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সকাল সাড়ে নয়টায় স্বাধীনতা দিবসের আনন্দ শোভাযাত্রা শেষে কলেজ শহিদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, বিভিন্ন বিভাগ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ও কর্মচারী পরিষদ।
সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে কলেজের মূল অনুষ্ঠান শুরু হয়। পরে কলেজের রোভার স্কাউট প্রাঙ্গনে ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক প্রবন্ধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।
উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডলি সাহা ও অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শামীম মিয়া।
প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গণেশ চন্দ্র রায় চৌধুরী, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. শওকত হোসেন।
সভার সভাপতি প্রফেসর মো. সালেহ আহমদ তাঁর বক্তব্যে বলেন, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দল-মত নির্বিশেষে কাজ করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলতে সক্ষম হবো।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তৌফিক এজদানী চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
সকাল সাড়ে ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত জাতীয় সংগীত, কবিতা আবৃত্তি ও মুজিব থিমসং সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে দুপুর ১২ টায় কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, কবিতা পরিষদ ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শিক্ষক ও কর্মচারীদের ভলিবল প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫০




