নানা আয়োজনে মৌলভীবাজারের অয়েকপম পাবলিকেশন্সের দশক পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁওয়ে অবস্থিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
শুক্রবার (২৫ মার্চ) অয়েকপম পাবলিকেশন্সের আয়োজনে এবং ডালাস ইউনাইটেড অ্যাসোসিয়েশন- ইউএসএ’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
অয়েকপম ফাউন্ডেশনের উপদেষ্টা অয়েকপম রাজকিশোর সিংহর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাউবা মেমোরিয়াল মণিপুরী ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়ামের ডিরেক্টর হামোম তনুবাবু, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত কুমার সিংহ, কবি ও লেখক শেরাম নিরঞ্জন, দৈনিক প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু ।
অয়েকপম ফাউন্ডেশনের ডিরেক্টর কবি অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন পূর্ণিমা ও লইদাম। অনুষ্ঠানের শুরুতে ২৫ মার্চ কালরাতে শত্রুদের হাতে নৃশংসতার স্বীকার হওয়া শহিদদের আত্মার শান্তি কামনার এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্টুডেন্ট অ্যাওয়ার্ড ২০২২ এর সিলেকশন বোর্ডের মেম্বার জয়ন্ত কুমার সিংহ ও শেরাম নিরঞ্জনকে সম্মাননা ও এইচএসসি ২০২১ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়।
পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




