সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফসলরক্ষা বাঁধের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে হাওর বাচাঁও আন্দোলনের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা বাজারে হাওর বাঁচাও আন্দোলন সুরমা ইউনিয়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


এতে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠ'র সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির কার্যকরী সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল আওয়াল, হাওর বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুরমা ইউনিয়ন কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহ জামাল, সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, 'দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। সুরমা ইউনিয়নে একই পরিবারে নামে বেনামে ১১ পিআইসি দেওয়া হয়েছে। পাউবোর এসও আবু সায়েমের যোগসাজশে চিহ্নিত রাজাকার পুত্র এখলাছ ফরাজী বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারি বরাদ্দের কোটি কোটি টাকায় নিজের পকেটে ভারি করছে। অবিলম্বে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা ও পিআইসি সিন্ডিকেটের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।'


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২২