মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার প্রতিনিধিরা জানান, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে চেরনিহিভ এবং রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলোতে হামলা কমিয়ে দেবে রুশ সেনারা।

রাশিয়ার এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া মুখে বলে একটা, করে আরেকটা। মানে তারা যা বলে তার উল্টোটা করে।


রাশিয়ার বিরুদ্ধে মুখে একটি বলে তার উল্টোটা করার অভিযোগ করেছেন চেরনিহিভের গভর্নর ভিয়ানচেসলাভ চাউস।

তিনি জানিয়েছেন, রাশিয়া চেরনিহিভে হামলা কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

গণমাধ্যম সিএনএনকে এ ব্যাপারে চেরনিহিভের গভর্নর বলেন, তারা বলছে তারা হামলা কমিয়ে দিচ্ছে। কিন্তু তারা হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

গভর্নর আরও বলেন, আজ (বুধবার) চেরনিহিভের প্রাণকেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২৫ জন আহত হয়ে হাসপাতালে আছেন। তারা সবাই বেসামরিক লোক।

তিনি আরও বলেন, তাই যখন রাশিয়া কোনো কিছু বলে তখন তা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

চেরনিহিভের গভর্নর বলেন, এর মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে রাশিয়া সব সময় মিথ্যা কথা বলে।

অন্যদিকে গণমাধ্যম বিবিসির সঙ্গে একটি সাক্ষাতকার দেওয়ার সময় চেরনিহিভের গভর্নর বলেন, আমি এখনো গোলাবর্ষণের শব্দ শুনতে পাচ্ছি।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৫


সূত্র : দ্য গার্ডিয়ান, বিবিসি