ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে রাশিয়া।

তবে তাদের ইউক্রেন থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হচ্ছে না। তার বদলে উত্তর থেকে দক্ষিণ দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেনাদের।


রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা উত্তর দিকে অবস্থিত। অন্যদিকে দক্ষিণে অবস্থিত ডনবাস প্রদেশ। এই ডনবাসের লুহানেস্ক ও দোনেস্ককে পুরোপুরি স্বাধীন করার দিকে মনযোগ দিয়েছে রাশিয়া।

কিন্তু তবুও রাজধানী কিয়েভের আশেপাশে কিছু সেনাকে রেখে যাচ্ছে রাশিয়া। এমন খবর জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ।

তার দাবি, রাজধানী কিয়েভে অবস্থান করা ইউক্রেনের সেনাদের পাহাড়া দেওয়ার জন্য কিছু সেনাকে আশপাশে রেখে যাচ্ছে রাশিয়া।

এ ব্যাপারে টিভিতে দেওয়া সাক্ষাতকারে অলেক্সি আরেস্তোভিচ বলেন, যদিও রাশিয়া কিয়েভ থেকে কিছু সেনাকে প্রত্যাহার করে নিচ্ছে। কিন্তু তবুও তারা নির্দিষ্ট সংখ্যক সেনাদের কিয়েভের আশপাশে রেখে যাবে যেন কিয়েভ থেকে আমাদের সেনারা বের না হতে পারে।

তবে অলেক্সি আরেস্তোভিচ জানিয়েছেন, মঙ্গলবার রাত কিয়েভ শান্ত ছিল। যদিও এর আশপাশে ঠিকই হামলা চালিয়েছে রুশ সেনারা।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৭


সূত্র : আল জাজিরা