কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বাজার এলাকায় ‘নি:স্ব সহায়ক সংস্থা’ ও ‘বাঁচাও ইউএস’র আর্থিক সহযোগিতায় অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ‘নি:স্ব সহায়ক সংস্থা’র নির্বাহী পরিচালক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সংস্থার কো-অডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় মুরইছড়া আলী হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনীতে অতিথি ছিলেন মুরইছড়া চা-বাগানের ম্যানেজার, চা-বাগানের ডা. জয়শংকর, সমাজসেবক শেখ আশরাফ উদ্দিন হিরু প্রমুখ।


উদ্বোধনীতে বক্তারা বলেন, নি:স্ব সহায়ক সংস্থা দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা করে আসছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি আই ক্যাম্প, স্যানিটারী ল্যাট্রিন স্থাপন, মিড ডে মিল বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ বিতরণসহ সমাজ সেবামূলক কাজকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে দরিদ্র জনগণের সেবা প্রদান করে আসছে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুস সিয়াম রাফির নেতৃত্বে ডা. আসিফ হায়দার ও ডা. মিম চবি চুনুসহ ৩ সদস্যের মেডিকেল টিম রোগীদের চিকিৎসা প্রদান করেন।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মুরইছড়া চা-বাগান ও রাজানগর চা-বাগানের শ্রমিক এবং কুকিজুড়ী ও লুতিজুরী খাসিয়া পুঞ্জির ১৫০ জন পুরুষ ও মহিলা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্রসহ ঔষধ প্রদান করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২০