পাকিস্তানের জাতীয় সংসতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ৩ এপ্রিল আস্থা ভোটের আগে বড় কোনো অঘটন না ঘটলে তার সরকারের পতন অনেকটা নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

এদিকে, বিরোধী দলের পেশ করা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তার জোট সরকারকে উৎখাতের জন্য বিদেশি শক্তি 'ষড়যন্ত্রে' জড়িত বলে জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে অভিযোগ তুলেছিলেন ইমরান খান। ‘বিদেশি শক্তি’ বলতে ইমরান খান যুক্তরাষ্ট্রের দিকেই আঙুল তুলেছিলেন বলেই মনে করা হচ্ছিল।


এবার ইমরান খানের সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। জানিয়েছে, এই অনাস্থা ভোটের পেছনে তাদের কোনো হাত নেই। এইসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে জিও নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

গত রোববার ইসলামাবাদের জনসভায় ইমরান খান দাবি করেছিলেন, চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে তাদের। এ দিন ই-পাসপোর্ট সংক্রান্ত একটি অনুষ্ঠানে ইমরান বলেন, ‘অনাস্থা প্রস্তাব তো একটা বৈধ সাংবিধানিক প্রক্রিয়া। এখানে যা হচ্ছে, সেটা হল পাকিস্তানের বিরুদ্ধে বিদেশ থেকে আমদানি করা সংকট। আমি এ বার শরিক দলগুলোকে ওই নথি (চিঠি) দেখাব। সিনিয়র সাংবাদিকদেরও দেখাব।

পরে কয়েক জন সাংবাদিককে ডেকে পাঠান ইমরান। একটি চ্যানেলের দাবি, চিঠিটিতে ‘কোনো একটি দেশের’ কর্তাদের সঙ্গে ওই দেশের পাকিস্তানের দূতাবাসের এক কর্তার বৈঠকের বিষয়ে বলা রয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়। পাক সরকারের ইউক্রেন-নীতি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ওই দেশটি নাকি অসন্তুষ্ট। কিন্তু সেটা কোনো দেশ, তা খোলসা করেননি ইমরান খান। ইমরান খানকে উদ্ধৃত করে চ্যানেলটি বলেছে, ‘চিঠিতে রয়েছে, ইমরান খান ক্ষমতায় থাকলে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে সংশ্লিষ্ট দেশটি মনে করছে।

ইমরান খানের দাবি, অনাস্থা প্রস্তাব পেশের আগেই ওই চিঠিতে অনাস্থা প্রস্তাবের কথা বলা হয়েছিল। তবে কি ‘হুমকি’ দেওয়া হয়েছিল, তা বলেননি তিনি।

তবে পিটিআইয়ের বর্ষীয়ান নেতা ফয়সল ভওড়া দাবি করেছেন, ইমরানের প্রাণসংশয় হতে পারে। তাকে খুনের পরিকল্পনা করা হয়েছে।

এদিকে, ওই ‘হুমকি’ চিঠির ব্যাপারে জিও নিউজ প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। এই অভিযোগ ভিত্তিহীন।

তবে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের আইনকে সমর্থন জানায় বলেও জানিয়েছে দেশটি।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৩


সূত্র : যুগান্তর