মঙ্গলবার তুরস্কের ইস্তানবুলে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসেন।
ওই আলোচনার পর জানানো হয়, আলোচনার অগ্রগতি হলে রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীরাও মুখোমুখি বসবেন।
এখন তুরস্ক চেষ্টা চালাচ্ছে এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আলোচনার টেবিলে নিয়ে আসতে।
বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক আয়োজন করতে কাজ করছেন তারা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে রুশ-ইউক্রেন মন্ত্রীদের মধ্যে বৈঠক হতে পারে।
এদিকে মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা এবং চেরনিহিভে আক্রমণ কমিয়ে দেবে।
তাছাড়া কিয়েভ ও এর আশপাশ থেকে সেনা প্রত্যাহারের কথাও জানিয়েছিল রুশ কর্মকর্তারা।
কিন্তু রাশিয়া যে কথা দিয়েছিল তার সব রাখেনি।
এ বিষয়টি বৃহস্পতিবার স্বীকার করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
গণমাধ্যম এ হাবারকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার সব প্রয়োগ করা হয়নি।
তবে তুরস্কের মন্ত্রী দাবি করেছেন, তবুও ওই আলোচনায় অনেক ইতিবাচক কিছু পাওয়া গেছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৭
সূত্র : আল জাজিরা




