সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, দেশের ৫ লাখ মসজিদে ৮ লাখ ইমাম-মুয়াজ্জিন রয়েছেন। প্রতি শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদগুলোতে চার কোটি মানুষ সমবেত হন। ইমাম-মুয়াজ্জিনদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগিয়ে এই বিপুলসংখ্য মানুষের কাছে সহজেই সরকারের যেকোনো বার্তা পৌঁছে দেওয়া যায়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উদ্যোগে সাত জেলার ইমামদের নিয়ে পাঁচদিন ব্যাপি ৫৪২তম রিফ্রেসার্স কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পিআরএল) ফরিদ উদ্দিন আহমদ।

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সহকারী পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষণার্থী ইমাম মাওলানা মারজান আহমদ ও আতহারুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ আরো বলেন, করোনাকালে ইমামরা অভাবনীয় ভূমিকা পালন করেছেন। করোনার বিভীষিকাময় সময়ে সন্তানরা যখন মা বাবার লাশ ফেলে দৌঁড়াচ্ছিলো, ইমামরা তখন সাহসিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে দাফন-কাফনে এগিয়ে এসেছেন।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ইমামরা বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস ও মাদকাসক্তি প্রতিরোধ, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ নজরুল ইসলাম বলেন, ইমামদেরকে ৪৫ দিনব্যাপি নিয়মিত প্রশিক্ষণের পর পুনরায় ফলোআপ কর্মসূচির আওতায় রিফ্রেসার্স কোর্স প্রদান করা হয়। এ প্রশিক্ষণে দেশের আর্থসামাজিক উন্নয়নে ইমামদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মূল্যায়ন ও দক্ষতা বৃদ্ধির অনুশীলন করানো হয়।

অনুষ্ঠানে সিলেট বিভাগসহ ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী মিলিয়ে সাতটি জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশ নেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯