সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বিজিবিকে মদ বিক্রির গোপন তথ্য প্রদানের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন।
গুরুতর আহত তিনজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে এ সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে দিলোয়ার হোসেন ও পার্শ্ববর্তী চৌধুরীপাড়ার প্রবাসী তাজুল ইসলামের ছেলে রায়হান ওই দু’পক্ষের মধ্যে মাদকদ্রব্য বেচাকেনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের।
বৃহস্পতিবার সন্ধ্যার পর রায়হান স্থানীয় বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিল।পথিমধ্যে ওৎ পেতে থাকা রফিকুল ইসলামের লোকজন রায়হানকে বেদড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করে। খবর পেয়ে তাৎক্ষণিক দেশিয় অস্ত্রসহ দু’পক্ষ তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
আহতরা হলেন রায়হান, আকাশ, মাতাব্বর আলী, নজরুল, রফিকুল, রাসেল, রফিকুল ইসলাম, তার ছেলে দিলোয়ার হোসেন গং।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২৬




