সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের জন্য আমাদের প্রজন্মের ছেলে-মেয়েদের মেধাকে কাজে লাগাতে হবে। গুণীজনদের সম্মান দিলে ভবিষ্যতে প্রজন্ম উদ্দীপ্ত হবে। দেশের স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সিলেটের অনেক গুণীজনদের অবদান রয়েছে।
মেয়র আরিফ শুক্রবার বিকাল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর ত্রয়োদশ প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বিবেক সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সিলেটের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম।
সিলেট বিবেকের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সিলেটের গুণীজনদের মধ্যে সম্মাননা প্রদান করা হয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস ও অনন্য দেশপ্রেমিক জামাল উদ্দিন-কে। শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিবৃন্দ। গুণীজনদেরকে মানপত্র পাঠ করে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও সিলেট বিবেকের সাংগঠনিক সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ। মানপত্র পাঠ করেন শিক্ষয়িত্রী শিলা চৌধুরী, শিক্ষয়িত্রী শাশ্বতী ঘোষ সোমা ও শিক্ষয়িত্রী জয়তী ঘোষ লোনা, লন্ডন প্রবাসী সমাজকর্মী গৌরীশ রায়, বড়লেখা শাখার অন্যতম কর্মকর্তা এডভোকেট গোপাল দত্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীত শিল্পী প্রদীপ দে ও বাচিক শিল্পী সুস্মিতা চৌধুরী শাওন।
সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের প্রকাশনা সম্পাদক কবি সুমন বনিক এর পরিচালনায় ‘বিবেক বীক্ষণ' স্মারক এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সন্ধ্যা পৌণে ৭টায় সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেবের পরিচালনায় বৃত্তি প্রদান করা হয়। সন্ধ্যা ৭টায় কবি সুমন বনিকের পরিচালনায় সিলেট বিবেক কর্তৃক চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় পরে সন্ধ্যা সাড়ে ৭টায় সংগীত শিল্পী প্রদীপ দে’র পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ‘সংগীত নিকেতন’ এর শিল্পীবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ১০ টায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী। অনুষ্ঠানে রক্তদান কর্মসূচির আহবায়ক প্রফেসর অরুণ চন্দ্র পাল সহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে রাত ৮ টায় আপ্যায়নের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২




