সিলেট অঞ্চলে আজও (শনিবার) ঝড়-বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে- এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। তবে শনিবার সকাল থেকেই সিলেটের আকাশে চলছে রোদ-মেঘের লুকোচুরি খেলা। একই সঙ্গে রয়েছে দক্ষিণা বাতাস।


এ অবস্থায় আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও শনিবার যে কোনো সময় সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময়ে সিলেটে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদরা।


সিলেটভিউ২৪ডিটকম / ডালিম