অনিবার্য কারণে রবি ও সোমবার (৩ ও ৪ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। তবে আগ্রহী টিকা গ্রহীতাগণ নগরভবনে স্থাপিত অস্থায়ী টিকাকেন্দ্রে যোগাযোগ করে টিকা গ্রহণ করতে পারবেন।

শনিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগরীতে কোভিড-১৯ ভ্যাকসিনের টিকাকেন্দ্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিবার্য কারণবশত রবিবার ও সোমবার এই দুই দিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।

তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগ্রহী টিকা গ্রহীতাগণ নগরভবনের অস্থায়ী টিকাকেন্দ্রে গিয়ে নির্ধারিত তারিখে টিকা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র কোভিড-১৯ এর ৩য় ডোজ প্রদান করা হচ্ছে। এদিকে নগরভবনের নীচ তলায় স্থাপিত অস্থায়ি টিকাকেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজের টিকা প্রদান করা হচ্ছে। যারা কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ যথাসময়ে গ্রহণ করেননি বা টিকা গ্রহণ থেকে বাদ পড়েছেন, তারা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।

এছাড়া কোভিড-১৯ ভ্যাকসিনের টিকার সনদ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।


সিলেটভিউ২৪ডিটকম / সিসিক / ডালিম