গত কয়েকদিন থেকে সিলেট নগরীতে আগুন আতঙ্ক বিরাজ করছে। গত দুদিন (মঙ্গল ও বুধবার) নগরীর দরগাহ গেইট ও চৌহাট্টায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে গেলো ভয়াবহ অগ্নিকাণ্ড।

এবার নগরীর দর্শন দেউড়ির ১৫ তলা ভবন আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারে ঘটেছে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের তৃতীয় ব্যাজমেন্টে থাকা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো- ঘ ১৩-৫০১৭) সামনে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখা যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ আগুন অন্যত্র ছড়ায়নি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাড়ির মালিক আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের ৬ তলার বাসিন্দা দেওয়ান আজোয়াদ মজিদ জানান, গাড়িটি পুরাতন। কিছুদিন আগে তিনি সেটি ৫ লক্ষ টাকা দিয়ে একজনের কাছ থেকে কিনেছিলেন।

তবে কীভাবে গাড়িতে আগুন লেগেছে সেটি গাড়ির মালিক বা ফায়ার সার্ভিস- কেউই বলতে পারছে না।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন সিলেটভিউ-কে বলেন, আমরা দুপুর ১২টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পাই। খবর পেয়েই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গাড়ি ছাড়া আর কোথাও আগুন ছড়ায়নি। কেউ হতাহতও হয়নি।

তিনি বলেন, তবে কী কারণে আগুন লাগলো সেটি এখনও জানা যায়নি। এটি খানিকটা রহস্যজনক। কারণ- আশপাশে বিদ্যুতের লাইনও ছিলো না। বা গাড়ি অধিক চলার কাছে হিট হয়ে আছে- এমনটিও নয়। তাহলে আগুন লাগলো কীভাবে? বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

 


সিলেটভিউ২৪ডিটকম / ডালিম