মৌলভীবাজারের জুড়ীতে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে অবস্থিত সুফীসাধক হযরত আব্দুল আলী প্রকাশ শাহ নিমাত্রা (রঃ)-এর ৫১তম বার্ষিক ওরুস মোবারকে সব ধরনের নাচ, গান, বাজনা, অশ্লীলতা, মদ, গাঁজা, বেহায়াপনা ইত্যাদি ইসলাম বিরোধী কাজ বন্ধের ঘোষণা দিয়েছে মাজার পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১টায় মাজার পরিচালনা কমিটির সভা শেষে কমিটির সভাপতি ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেন- করোনা ভাইরাসজনিত কারনে গত দুই বছর ওরুস বন্ধ ছিল। এবছর রমজান মাসে ওরুস পড়েছে। এর আগেও রমজান মাসে ওরুস হয়েছে। চলতি বছর রমজানের পবিত্রা রক্ষায় শুধুমাত্র জিকির আজকারের মধ্য দিয়ে আগামী ১১. ১২ ও ১৩ এপ্রিল তিনদিন ব্যাপী ৫১তম বার্ষিক ওরুস মোবারক অনুষ্টিত হবে। এ সময় কমিটির সদস্য দছির আহমদ ও জামাল উদ্দিন সেলিম মেম্বার বক্তব্য রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হযরত আব্দুল আলী প্রকাশ শাহ নিমাত্রা (রঃ)-এর মাজার শরীফে প্রতিবছর ওরুস চলাকালে মাজারকে কেন্দ্র করে ফুলতলা বাজার ও পার্শ্ববর্তী এলাকায় অসংখ্য গানের কাফেলা বসানো হয়। কাফেলা গুলোতে ৮/১০টি সাউন্ডবক্স লাগিয়ে গানের আসর বসে, যার উচ্চ আওয়াজ পরিবেশের জন্য মারাত্বক হুমকী। কাফেলায় গানের নামে যুবতী মেয়েদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়।
তাছাড়া কাফেলা গুলোতে প্রকাশ্যে চলে গাঁজা সেবন। মেয়েদের নিয়ে টানাটানি-মারামারি ঘটনাও ঘটে। পাশাপাশি বাজারের আনাচকানাচে বসে মদ, গাঁজা ও জুয়ার জমজমাট আসর। বেড়ে যায় মৌসুমী পতিতাদের উপদ্রব। ইসলাম ধর্ম, আইন ও সমাজবিরোধী এ অপকর্ম এলাকায় বিরূপ প্রভাব ফেলে। শিশু-কিশোর ও যুবসমাজ হচ্ছে বিপথচারী।
ওরসের আগমনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন বাসা-বাড়িতে চুরির ঘটনাও ঘটে। চলতি বছর ৯, ১০ ও ১১ রমজান ওরুসের ঘোষণা দেন মাজার কমিটি। এ ঘোষণায় ফুলতলা ইউনিয়নসহ জুড়ী উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।
পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে ওরুসে সব ধরনের নাচ, গান, বাজনা, অশ্লীলতা, মদ, গাঁজা, বেহায়াপনা ইত্যাদি ইসলাম বিরোধী কাজ বন্ধের দাবিতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ন রাখতে ধর্মপ্রাণ মুসলমান ও জাগ্রত মুসলিম জনতার পক্ষে ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: তাজুল ইসলাম গং মঙ্গলবার (৫ এপ্রিল ২২) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত দাবি পেশ করেন এবং শুক্রবার বাদ জু’মা ফুলতলা বাজার জামে মসজিদের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়।
ধর্মপ্রাণ মুসলমান ও জাগ্রত মুসলিম জনতার মুখপাত্র, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: তাজুল ইসলাম বলেন- যেহেতু আমরা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। এর কোন সুরাহা না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী বহাল থাকবে।
সিলেটভিউ২৪ডিটকম / লাল / ডি.আর




