হবিগঞ্জের মাধবপুরে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে চাঁদা চাওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের আহসান হাবিব হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতে এ মামলা করেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে মাধবপুর থানাকে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের আহসান হাবিব তার খরিদকৃত একটি জায়গায় মাটি ফেলে ভরাট করতে গেলে ধর্মঘর ইউনিয়নের গ্রামপুলিশ মালঞ্চপুর গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে কুদ্দুছ মিয়া তার ভাই হারিছ মিয়া, মালঞ্চপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আব্দুল মিয়া বাধা দেন। তারা আহসান হাবিবের নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন। গত ৪ এপ্রিল তারা কাজী আহসান হাবিবের লোকজন মাটি ভরাট করতে গেলে কুদ্দুছ মিয়ার লোকজন এসে বাধা প্রদান করেন এবং আহসান হাবিবের উপর আক্রমণ করতে চাইলে হাবিব চিৎকার শুরু করেন।  এসময় কুদ্দুছসহ তার সাথে থাকা লোকজন চলে যান।


এ ঘটনায় আহসান হাবিব বাদি হয়ে গ্রাম পুলিশ কুদ্দুছ মিয়াসহ ৩ জনের নামোল্লেখ করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত কুদ্দুছ মিয়ার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ কর হলে তিনি জানান, জায়গার মালিক দেশের বাইরে থাকে। এই জায়গায় মাটি ভরাট করতে চাইলে তিনি বাধা দেন। তবে চাঁদাবাজির কোনো ঘটনা হয়নি।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, গ্রাম পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটি কতোটুকু সত্য তা আমার বোধগম্য হচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখার প্রয়োজন। এই ঘটনার পিছনে অন্য কোনো কিছু আছে কি-না তাও খতিয়ে দেখা হবে।

সিলেটভিউ২৪ডটকম/সানাউল/শিপু-০৩