হাইকোর্টের নির্দেশনার ৪ বছর পরও সিলেটে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ হয়নি। এখনো উচ্চ শব্দের হর্ন বাজিয়ে ছুটছে যানবাহন। হর্ন বাজানোর ক্ষেত্রেও মানা হচ্ছে না কোনো নির্দেশিকা। বিশেষ করে তরুণ মোটরসাইকেল চালকরা হাইড্রোলিক হর্ন এবং বাইকের সাইলেন্সার কেটে সিলেটে ব্যাপক শব্দ দোষণ করে চলছেন।  এর বিরুদ্ধে শুধু মামলা দিয়েই দায় সারছে ট্রাফিক বিভাগ।

হাইকোর্টের রায়ে হাইড্রোলিক হর্ন আমদানি ও বিক্রি বন্ধের নির্দেশ থাকলেও সিলেটে তাও বন্ধ হয়নি।


সিলেট মহানগর ও জেলা পুলিশ বলছে, হাইড্রোলিক হর্নের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হলে এটা যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এই বিষয়টি সবাইকে বোঝাতে হবে। বিশেষ করে যানবাহনের মালিক ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে এর আমদানি, উৎপাদন ও বাজারজাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পরিবেশবিদদের মতে, শুধু সচেতনতার  উপর ভরসা করলেই চলবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে হবে। গাড়ি জব্দের পাশাপাশি জরিমানার পরিমাণ আরও বাড়াতে হবে।

সিলেট মহানগর ট্রাফিক বিভাগ জানায়, গেল মার্চ মাসে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের প্রতি সাড়াশি অভিযান চালায় নগর ট্রাফিক পুলিশ।  তারা ৩৫৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করার পাশাপাশি ২৫টি যানবাহনে ব্যবস্থা নিয়েছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে সিলেটভিউকে জানিয়েছেন মহাহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।    

সিলেটভিউ২৪ডটকম/শিপু-০৪