চলতি বছর ১০ লাখ মানুষ হজ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর স্থগিত রাখার পর বিদেশি হজযাত্রীদের জন্য পুনরায় খুলছে সৌদি আরব।
আরব নিউজ জানায়, শনিবার এক টুইটে ১০ লাখ মানুষ হজ করতে পারবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী সব দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
এক্ষেত্রে, প্রত্যেক হজযাত্রীদেরকে মানতে হবে দুটি শর্ত।
প্রথমত, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকের পূর্ণ ডোজ টিকা নেওয়া লাগবে।আর সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।
এ ছাড়া, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যেক হজযাত্রীকে অবশ্যই করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, করোনা মহামারীর কারণে গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন মানুষ হজ পালনের সুযোগ পেয়েছিলেন।এর আগে হজযাত্রীদের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




