পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পেয়েছেন সিলেটের ৯৫ জন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ১১ জন নারী। কোনো ধরনের সুপারিশ ছাড়াই শুধু নিজেদের মেধা ও যোগ্যতাবলে তারা পেলেন ‘সোনার হরিণ’ খ্যাত সরকারি চাকরি। আর এতে প্রত্যেকের খরচ হয়েছে মাত্র ১৩০ টাকা করে।

সিলেট জেলা পুলিশ সূত্র জানায়, ‘চাকরি নয় সেবা’ এ স্লোগানে গত ২০ থেকে ২২ মার্চ ৩ দিনব্যাপী সিলেট জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পুরুষ/নারী পদে নিয়োগের জন্য শারিরীকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হয়।


এর আগে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ২ হাজার ৮৪৮ প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে শারিরিক সক্ষমতা পরীক্ষার জন্য মাঠে আহ্বান করা হয়। আবেদনকারীদের মধ্যে ২ হাজার ১৬২ জন মাঠে উপস্থিত থেকে নিজেদের শারিরিক সক্ষমতার পরিচয় দেন। ৩ দিনের শারিরিক সক্ষমতা যাচাই প্রক্রিয়ায় ৬৭৩ জন যোগ্য বিবেচিত হন। এরপর গত ২৯ মার্চ লিখিত পরীক্ষায় ৬৬৬ জন অংশ নেন।

তাদের মধ্য থেকে শনিবার (৯ এপ্রিল) রাতে ঘোষিত ফলাফলে ১৫৫ জন উত্তীর্ণ হন। একই দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কমিটি কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ শেষে ৯৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, যারা চাকরি পেয়েছেন তারা মাত্র ১৩০ টাকায়। তাদের মধ্যে ১৫ জনের বাবা নেই, পিতৃহীন গরিব পরিবারের সন্তান এবং ৪২ জনের বাবা গরিব কৃষক। এছাড়া নিয়োগ পাওয়া ৯৫ জনের মধ্যে ৭৫ জনের পরিবারে এর আগে কেউ সরকারি করেনি। তারাই পরিবারের প্রথম সরকারি চাকরিজীবী।


সিলেটভিউ২৪ডিটকম / ডালিম