‘মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ’র পক্ষ থেকে দেয়া ঘরে সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে আপন ঠিকানা পেলেন গৃহহীন ও ভূমিহীন হত-দরিদ্র বিধবা শুকুর বিবি (৫৫)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী।
প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে রামপাশা-মনোহরপুরের পাকা রাস্তার পাশে নির্মিত আড়াই শতক জমির উপর দুই রুমের এই টিনসেটের পাকা ঘর পেয়ে খুশিতে আত্মহারা তিনি (শুকুর বিবি)।
রোববার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে ভিডিও কনফারেন্সের এই ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে সারাদেশের ন্যায় বিশ্বনাথ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বনাথ থানায় আনুষ্ঠানিক জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এরপর নতুন বাড়িতে গিয়ে শুকুর বিবিকে বাড়ি হস্তান্তর করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম ও এসআই রুমেন আহমদসহ একদল পুলিশ।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, আড়াই শতক জমি ক্রয় করা, তাতে মাটি ভরাট করা, চারপাশে গার্ডওয়াল নির্মাণসহ বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ লাখ টাকা। এছাড়া বাড়িতে বিদ্যুৎ সংযোগের সাথে একটি গভীর নলকূপও দেয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/অপু/পিডি




