আওয়ামী লীগের সরকার সবসময় কৃষি ও কৃষকের কথা চিন্তা করে কাজ করে। কৃষি খাতের উন্নয়নে সরকার আন্তরিক রয়েছে। সম্প্রতি চলমান অকাল বন্যার কারণে যে সকল কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে অচিরেই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
সোমবার (১১ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এসব কথা বলেন।
তিনি আর বলেন, হাওর তলিয়ে যাওয়ার ব্যাপারে যদি কারো অবহেলা বা দুর্নীতি হয়ে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। সকলের সহযোগিতায় এদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে ও ইউএনও মাহমুদুর রহমান মামুনের সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, পরিতোষ রায়, এডভোকেট লিটন চন্দ্র দাস, হুমায়ুন রশিদ লাবলু, একরার হোসেন, আলী আহমেদ, শৈলেন্দ্র কুমার তালুকদার, জহিরুল ইসলাম জুয়েল।
এছাড়া উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।
সভায় দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সম্প্রতি বাঁধ ভেঙে চাপতির হাওর তলিয়ে ফসলহানির বিষয়টি উল্লেখ করে ওই বাঁধসহ পার্শ্ববর্তী ৪টি বাঁধের পিআইসি গঠন ও কাজে গাফিলতির বিভিন্ন তথ্য চিত্র তুলে ধরেন এমপি জয়া সেনগুপ্তার সামনে।
উল্লেখ্য, দীর্ঘ পৌনে দুই বছর পর দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার উপস্থিতিতে দিরাই উপজেলার পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্ধক্যজনিত রোগের কারণে দীর্ঘদিন দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য ডা. জয়া সেনগুপ্তা নির্বাচনী এলাকায় আসতে পারেননি। ঢাকায় নিজ বাসায় অবস্থান করে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সিলেটভিউ২৪ডিটকম / হিল্লুল / ডি.আর




