সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সরকারি জাকাত ফান্ডের টাকা কুরআনে বর্ণিত বিধানমতে সুনির্দিষ্ট খাতে যথাযথভাবে ব্যয় করা হয়।

তিনি বিত্তবানদের প্রতি সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানের আহবান জানিয়ে বলেন, জাকাত গরীবের প্রতি দয়া নয়, বিত্তবানদের সম্পদে গরীবের অধিকার।


মঙ্গলবার (১২ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে জাকাত বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু ছিদ্দিকুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ী ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পিআরএল) ফরিদ উদ্দিন আহমদ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সরকারি জাকাত ফান্ডের অর্থ অসহায় দুস্থদের কর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

মূল প্রবন্ধে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মিাণে কাজ করে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের ফলে স্কুলে শিশুদের ঝরে পড়ার হার কমছে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১