সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে ধারালো অস্ত্র (ছুরি)-সহ প্রবেশকারী মো. জাহাঙ্গীর আলম কিবরিয়া নামের যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) সিলেট যুগ্ম মহানগর দায়রা জজ (২য়) আদালতের বিচারক মোহাম্মদ দিদার হোসাইন এ রায় প্রদান করেন।


রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পরোয়ানামূলে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ নভেম্বর জাহাঙ্গীর আলম কিবরিয়া একটি ধারালো ছুরা নিয়ে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন। এসময় তাকে তল্লাশি করে সেই ছুরি উদ্ধার করা হয়।

পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার আদালত তাকে উপরোক্ত সাজা প্রদান করেন।


সিলেটভিউ২৪ডিটকম / শাহীন / ডালিম