বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের শেখ এম.এ কাইয়ুম এবং তার পুত্র শেখ তারেকুজ্জামানকে অর্থ আত্মসাত ও প্রতারণা মামলায় কারাদন্ড এবং জরিমানা করা হয়েছে।

কতোয়ালী সিআর (১৭৬০/১৯) মামলায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেট’র বিচারক আমিরুল ইসলাম ৪২০ ধারায় মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে এ রায় প্রদান করেন।


রায়ে পিতা-পুত্র উভয়কে ৩ বছরের কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের দৌলতপুর গ্রামের খসরু মিয়া (মো. খসরুজ্জামান) কর্তৃক দায়েরকৃত মামলায় এ রায় প্রদান করা হয়। মামলায় বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সায়েম খান এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেট’র বিচারক আমিরুল ইসলাম ৪২০ ধারায় এ রায় প্রদান করেছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে এ রায়ে মামলার অপর আসামী আবুল কালাম দোলনকে খালাস প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত শেখ এমএ কাইয়ুম এবং তার পুত্র শেখ তারেকুজ্জামানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেডআরজেড/এসডি-০৪