হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে টিকিট কালোবাজারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

বুধবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় কয়েকজন সদস্য জংশনে কালোবাজারীর অভিযোগ তুললে তিনি এই নির্দেশনা দেন।


সভায় বক্তারা বলেন, রেলওয়ে স্টেশনের অভ্যন্তরে পান, সিগারেট ও পানি বিক্রির আড়ালে টিকিট কালোবাজারী করা হয়। পুলিশের কাছে কালোবাজারীদের তালিকাও রয়েছে। কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এ সময় এমপি আবু জাহির কালোবজারীদের শিগগির আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। এ ছাড়াও শায়েস্তাগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে সকলকে কাজ করার আহবান জানিয়েছেন।

সভায় উপস্থিত রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিধ দ্রুত কালোবাজারীদের আইনের আওতায় আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-১৮