আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিলো, আজ বৃহস্পতিবার সিলেটে বৃষ্টি হতে পারে। সেটাই সত্য হলো। তাই, বৃষ্টি মাথায় সিলেটে শুরু হলো বাংলা নববর্ষের প্রথম দিন- পহেলা বৈশাখ।

রমজান মাস হওয়ায় এমনিতেই বর্ষবরণের আয়োজন ছিল সীমিত। তার ওপর বৃষ্টি হওয়ায় উৎসবের আমেজ অনেকটাই ম্লান হলো সিলেটে।


বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সিলেট বিভাগজুড়েই ভোর থেকে থেমে থেমে বৃষ্টি নামতে শুরু করে। নগরীতে পহেলা বৈশাখের অনুষ্ঠান তাই শুরু হয় সকাল ৯টারও পরে। অনুষ্ঠানে উপস্থিতিও ছিল কম।

সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকালে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। তাতে যোগ দেন বিভাগীয় কমিশনার মো. মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

বর্ণিল এই শোভাযাত্রা রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বাউলগান, কাঠি ও ঝুমুর নৃত্য, মণিপুরি নৃত্য ও লোকগানে মেতে ছিলেন দর্শক।

বৃষ্টির কারণে আনন্দলোকের বর্ষবরণ অনুষ্ঠানও যথাসময়ে শুরু হয়নি। সকাল ১০টায় নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজ মাঠে শুরু হয় তাদের আয়োজন।

নগরের ব্লু-বার্ড স্কুলমাঠে ‘ফিরে চল মাটির টানে’ এই আহ্বানে বর্ষবরণ অনুষ্ঠান করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। সেখানেও উপস্থিতি তুলনামূলক কম।


সিলেটভিউ২৪ডিটকম / ডালিম