বিভিন্ন উপজেলার পাশাপাশি সিলেটেও শুরু হয়েছে 'দ্যা হেল্পিং উইং' এর দুই টাকায় ইফতার।
দ্বিতীয় দিনের মত নগরীর রিকাবিবাজার পয়েন্টে দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করেছে সংগঠনটি।
রমযান আসলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েকগুণ বেড়ে যায়। মূল্য কমার কথাতো চিন্তাই করা যায় না। এইটা মাথায় রেখেই প্রতি বছর ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করে থাকে সিলেটের এই ‘হেল্পিং উইং’ নামক এই সামাজিক সংস্থাটি। রমজানের প্রথম দিন থেকে বিভিন্ন্ উপজেলায় চলছে তাদের এই ইফতার বিতরণ। নগরীর রিকাবিবাজার পয়েন্টে প্রায় ৫ শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের হাতে আজ ইফতার তুলে দিয়েছেন তারা।
নাফিস শামস তিয়াসের সঞ্চালনায় আয়োজিত আজকের এই ইফতার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার শিপার ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এটিএম শোয়েব এবং জেসিআইয়ের সভাপতি ডা.এহসানুর রহমান৷
আজকের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া জেসিআইয়ের সভাপতি ও আল-হারামাইন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এহসান সংগঠনটির এমন উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, 'এই ধরণের সামাজিক অনুষ্ঠানের পাশে সবসময়ই থাকতে চাই আমরা৷ হেল্পিং উইংয়ের এই উদ্যোগটা অসাধারণ৷ ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই৷'
সংগঠনটির সাধারণ সম্পাদক নাদের আহমেদ চৌধুরী জানিয়েছেন '২০১৯ সালে এই ইভেন্টের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে আমাদের সংগঠনের৷ ওই ইভেন্টে এতো ভালোবাসা আর সহযোগিতা আমরা পেয়েছিলাম যে, এইটা কে পুঁজি করে গত তিন বছরে আমরা অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার উৎসাহ পেয়েছি। এবারও রমজানের প্রথম দিন থেকে প্রোগ্রাম চলছে৷ সিলেটে আজ ছিলো দ্বিতীয় দিন। আশা করি খুব শীঘ্রই ঢাকাতেও আমাদের কার্যক্রম শুরু হবে৷'
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী আরো জানিয়েছেন, 'উদ্যোগটির সাথে জড়িত হতে আগ্রহীরা ০১৭১১৩৭৯৩৩৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া তাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে তারা বিস্তারিত জানিয়ে দিবেন বলে জানিয়েছেন তারা।'
সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস/এসডি-১৭




