সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের মার্জিয়া ও মার্জান ভেরাইটিজ স্টোর স্বত্ত্বাধিকারী জাকির হোসেন বাবুল। কুমিল্লা জেলার হোমনা থানার এক ব্যবসায়ী ভুল করে বিকাশের মাধ্যমে তার নাম্বারে ৪০ হাজার টাকা পাঠিয়ে দেন। নাম্বার ভুলে বিকাশের মাধ্যমে আসা ৪০ হাজার টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিয়েছেন বাবুল।


জানা যায়, গত বুধবার (১৪ এপ্রিল) হঠাৎ করে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বাবুলের পারসোনাল বিকাশ নাম্বারে চলে আসে ৪০ হাজার টাকা । তিনি যে নাম্বার থেকে টাকা এসেছে সে নাম্বার কল দেন । জবাবে ফোন রিসিভ করে তিনি কুমিল্লার হোমনা থানার ইসমাইল টেলিকমের মালিক মোহাম্মদ ইসমাইল ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং বলেন ভুলবশঃত তার ব্যবসায়িক বিকাশ নাম্বার থেকে টাকা চলে গেছে ।



ব্যবসায়ী জাকির হোসেন বাবুল গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসুদ আফছরের সহযোগিতায় যাচাই-বাছাই করে প্রকৃত মালিক ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইলের কাছে বিকাশের মাধ্যমে টাকা ফেরত দেন । এসময় টাকা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন কুমিল্লার হোমনা উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল । এসময় তিনি ব্যবসায়ী জাকির হোসেন বাবুলকে ধন্যবাদ জানান।

সিলেটভিউ২৪ডটকম/পিডি