বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।

রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজংয়ের হাতে স্মারকলিপি দেন বিএনপির নেতারা।


নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান চেয়ে জেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ইলিয়াস আলী ছাড়াও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ সব নেতাকর্মীদের ফিরে পেতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ-সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের দশ বছর আজ। ২০১২ সালের এই দিনে রাজধানীর বনানী থেকে তার গাড়িচালক আনসার আলীসহ তাকে গুম করা হয়। একই কায়দায় ওই বছরের ৩ এপ্রিল সিলেট জেলা ছাত্রদলের তৎকালীন সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমদকে ঢাকার বনানী থেকে গুম করা হয়। বিএনপি তাদেরকে অক্ষত অবস্থায় ফেরত চায়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাহাব উদ্দিন, সহ সভাপতি মোঃ আব্দুল মন্নান, মোঃ উমর আলী, ডাক্তার মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আশরাফ আলী মেম্বার, সহ যুব বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, নির্বাহী সদস্য মোঃ নান্নু মিয়া মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু আল হেলাল, তেলিখাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।

 

সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-১৪