জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা কারী সামছুল হক (৩২) কে পিটিয়ে গুরতর আহত করেছে তারই ছাত্র নামধারী দূর্বৃত্তরা।
কয়েকজন সহযোগি নিয়ে বুধবার সন্ধায় শিক্ষকের ওপর হামলা চালায়।
আহত শিক্ষক কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ হামলাকারী ছাত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মারজান মিয়া (১৬) ও একই এলাকার আনছার মিয়া (২৫)।
কুবাজপুর বাজার জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কুবাজপুর সুনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক সামসুল হক ও শিবগঞ্জ বাজার মসজিদের পেশ ইমাম (৩২) কারী শামছুল হক কয়েকদিন আগে বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে মাদ্রাসার ছাত্র কুবাজপুর গ্রামের কবির মিয়ার ছেলে মারজান মিয়াকে শ্রেণি কক্ষে শাসন করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী মারজান মিয়া, মাহিদ মিয়া ও নোমান মিয়া, আনছার মিয়াসহ কয়েকজন বখাটে মিলে সন্ধ্যার দিকে শিক্ষককে একা পেয়ে এলোপাতাড়ী পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকার লোকজন আহত শিক্ষক কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বৃহস্পতিবার জানান, শিক্ষকের ওপর হামলার ঘটনায় ছাত্রসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/এসডি-১৪




