সুনামগঞ্জের জগন্নাথপুরে এশার নামাজে সিজদারত অবস্থায় জমশেদ মিয়া (৭২) নামের এক বৃদ্ধ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের বাসিন্দা।


শুক্রবার রাতে সোয়া ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, পবিত্র রমজান মাসে এশা ও তারাবি নামাজের জন্য অন্যান্য দিনের মতো স্থানীয় গ্রামের আধুয়া জামে মসজিদে যান জমশেদ মিয়া। এশার চার রাকাত ফরজ নামাজের জন্য জামাতের সঙ্গে তিনি নামাজে অংশ নেন। প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতের সময় সিজদারত অবস্থায় ওই বৃদ্ধ আর ওঠেননি। নামাজ শেষে লোকজন তাঁকে ডেকে কোনো সারাশব্দ না পেয়ে একজন মুসল্লি তাঁকে ওঠাতে গেলে তিনি ফ্লোরে ঢলে পড়েন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোস্তাক মিয়া বলেন, নামাজ আদায়কালে সিজদারত অবস্থায় তিনি মারা গেছেন।

তাঁর নামাজে জানাজা শনিবার (২৩ এপ্রিল) বেলা ২টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/এসডি-০২