আগামী ২৬ এপ্রিল মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কুলাউড়ায় ৯৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী।


তিনি জানান, আগামী ২৬ এপ্রিল উপজেলার ভাটেরা, বরমচাল, ব্রাহ্মণবাজার, পৃথিমপাশা ও হাজীপুর ইউনিয়নে তৃতীয় পর্যায়ে ৯৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ গৃহ প্রদান করা হবে। এদিন সকাল ১১টায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ঘরগুলো গৃহহীন পরিবারদের মাঝে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রতি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-০৫