র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর জালে ধরা পড়েছে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের আরেক সদস্য।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর দেড়টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান গেইটের সামনে অভিযান চালিয়ে মো. শফিউল্ল্যাহ (৪৫) নামের এ অপরাধীকে গ্রেফতার করা হয। এ সময় তার কাছ থেকে ৫টি অনলাইন টিকিট উদ্ধার করা হয়।
শফি উল্ল্যাহ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা এলাকার বাসিন্দা মৃত মুন্সি মিয়ার ছেলে।
র্যাব-৯ মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে জনসাধারণের কাছে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে কাউন্টারে টিকিট সংকটের সুবিধা কাজে লাগিয়ে এই কালোবাজারি চক্র কিছুদিন ধরে বেশ সক্রিয়। গোয়েন্দা দল নিরবিচ্ছিন্নভাবে গোয়েন্দা নজরদারী চালিয়ে আসছিল এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।এ তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে শফি উল্ল্যাহকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শফিউল্ল্যাহ রেলের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারের পর তাকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




