সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেছেন, মানুষের ঈদযাত্রা সফল ও নিরাপদ করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। এ লক্ষ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আলাপ আলোচনা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
সিলেটভিউয়ের সঙ্গে আলাপকালে তিনি দেশের মানুষ, বিশেষ করে সিলেটবাসীকে নিরাপদ ঈদযাত্রার ব্যাপারে আশ্বস্ত করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, গত দুই বছরের ৪টি ঈদে করোনাকালীন বিধিনিষেধের কারণে মানুষ স্বচ্ছন্দে চলাচল করতে পারেননি। কিন্তু এবার পরিস্থিতি অনেক ভালো। স্বাভাবিকভাবে ঈদে চলাচল বাড়বে। মানুষ কর্মস্থল থেকে ঘরে ফিরবেন, আবার ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিবেন। এতে রাস্তায় যানবাহনের চাপ অনেকটা বাড়বে। তাছাড়া এবার ছুটিও একটু লম্বা, ৬ দিনের মতো হতে পারে। একারণেও রাস্তায় মানুষ এবং যানবাহনের চাপ থাকবে।
প্রশাসনের প্রস্তুতির ব্যাপারে তিনি বলেন, আমরা মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে প্রস্তুতি নিয়েছি। পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বয়ে সভা হয়েছে। সেখানে আমরা আমাদের বক্তব্য বলেছি এবং সে অনুযায়ী কাজ হচ্ছে। ঈদের সময়টাতে পুলিশ দিনরাত ২৪ ঘন্টা কাজ করে। এবারও করবে। বৃষ্টি বা কাঁদায় রাস্তা খারাপ হয়ে পড়লে, কোন দুর্ঘটনা ঘটলে বা যানবাহন নষ্ট হলে সাথে সাথে যাতে পুলিশী সহযোগীতা পাওয়া যায়, দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা যায়, আমরা সে ব্যাপারে প্রস্তুত।
ডিআইজি মফিজ উদ্দিন যাত্রিদের সতর্ক করে বলেন, ঈদে মানুষ সড়ক রেল ও নৌপথে যাতায়াত করেন। এসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন অবস্থাতেই ঝুঁকি নিয়ে কোন গাড়ি বা অন্যান্য যানবাহনে উঠা যাবেনা। এতে দুর্ঘটনা বাড়ে। রেলের ছাদে ভ্রমন খুব বিপদজনক। এ ব্যাপারে রেলযাত্রীদের সতর্ক হতে হবে।
পরিবহন মালিক শ্রমিকদের রাস্তায় প্রতিযোগীতা করে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন। অনেক দুর্ঘটনার জন্য চালকদের এই মানসিকতাই দায়ী।
এ ব্যাপারে চালকদের সতর্ক করতে তিনি মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষের জীবন খুব মূল্যবান। এটা বুঝতে বা উপলব্ধি করতে হবে। অতিরিক্ত যাত্রী পরিবহন করলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। তাই কিছুতেই অতিরিক্ত যাত্রী বহন করা যাবেনা। আমরাও কেউ অতিরিক্ত যাত্রী হবো না।
মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম আরও বলেন, পুলিশ পরিবহন মালিক-শ্রমিক এবং যাত্রীরা যদি নিয়ম-কানুন মেনে চলেন তাহলে যাত্রাপথ অবশ্যই নিরাপদ এবং সফল হবে। আবার চেষ্টার কোনো ত্রুটি নেই।
এ ব্যাপারে তিনি সবার সচেতনতা কামনা করে সিলেটবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/ডি.আর/এসডি-২৩




