পুলিশ বাহিনীর সমালোচন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনাদের ভেতরে মানবতা নেই। মানবতা নেই বলেই আপনারা সব শক্তি দিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রাখছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমরা এক বর্বর যুগে বাস করছি। নিউমার্কেটের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। অথচ মামলা দিলো বিএনপি নেতাকর্মীদের নামে। সন্ত্রাস করছে ছাত্রলীগ আর মামলা দিচ্ছে বিএনপির নামে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের কাপুরুষ উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, কলাবাগান মাঠে শিশুরা খেলাধুলা করবে। সেই মাঠ তারা (আওয়ামী লীগ) রাখবে না। পুলিশ স্টেশন করবে। সেখানে প্রতিবাদ করেছে বলে শিশুসহ নারীকে ধরে নিয়ে গেছে। ঢাকায় খেলার মাঠ, পানির লেক, পরিবেশ রক্ষার গাছ থাকবে না। এর প্রতিবাদ করলে মা-ছেলেকে থানায় আটকে রাখবে।
বর্তমান সরকারের সঙ্গে জনগণ নেই দাবি করে রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ তাদের ত্যাগ করেছে এটা সরকার ভালো করে জানে বলে পুলিশের ওপর নির্ভরশীল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৩৪
সূত্র : জাগোনিউজ




