সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, দেশের অসহায় দুস্থদের সহায়তা করে দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রাখছে সরকারি জাকাত ফান্ড। তিনি বলেন, সরকারি জাকাত ফান্ডের অর্থ সবসময় যথাযথভাবে ইসলামি শরিয়া মোতাবেক ব্যয় করা হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট জেলার অসহায় ও দুস্থদের মধ্যে সরকারি জাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আরো বলেন, সরকারি জাকাত ফান্ডের অর্থ প্রতিবছর অসহায় দুস্থদের কর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। তিনি বিত্তবানদেরকে সরকারি যাকাত ফান্ডে যাকাত দেওয়ার আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের হিসাব রক্ষক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০২১-২০২২ অর্থবছরের আওতায় সিলেট জেলার ৯২ জন দরিদ্র পুরুষ ও মহিলাকে সরকারি জাকাত ফান্ড থেকে ৫ লাখ ৫৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর




