সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৪০টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে ঈদ উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর উদ্ধোধন করেন।


পরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার তিনটি ইউনিয়নে ৪০ জন হতদরিদ্র সুবিধা বঞ্চিত ভূমিহীন মানুষকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহকারী কমিশনার ভূমি অনুপম দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে উপজেলায় ১৪০টি ঘর প্রদান করা হবে। তারমধ্যে মঙ্গলবার ৪০ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। ঘরগুলো হলো কলকলিয়া ইউনিয়নে ২৪টি আশারকান্দি ইউনিয়নে ১২ টি চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ৪ টি।

এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১১০ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার ৪০ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এসময় উপজেলা পুষ্টি কমিটির উদ্যাগে সুবিধাভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/এসডি-০৫