প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শ্রদ্ধা নিবেদন করতে এসে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, অল্প সময়ের মধ্যে দেশকে কিভাবে পরিপূর্ণ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নয়নশীল কাতারে নিয়ে আসা যায় তার আন্তর্জাতিক নজির দেখিয়েছেন আবদুল মুহিত।
মেয়র বলেন, প্রধানমন্ত্রী ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যেই রূপকল্প দিয়েছিলেন সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা দুরূহ ছিল তা অনেকেই অনুধাবন করতে পারবে না। কিন্তু তিনি সেটা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করে গেছেন।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে আবদুল মুহিতকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।
ফজলে নূর তাপস বলেন, যেখানে আমাদের জিডিপির মূল্য ছিল মাত্র ১০০ বিলিয়ন ডলারের নিচে। মাত্র দশ বছরের মধ্যে তিনি সেটাকে সাড়ে ৩০০ বিলিয়ন ডলারের ঊর্ধ্বে নিয়ে গেছেন। তার এই দীর্ঘ কর্মজীবনে তিনি পরিপূর্ণভাবে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। রাজনীতিও অর্থনীতি দু'টোর সংমিশ্রণ ঘটিয়ে তিনি উদার নজির আমাদের জন্য রেখে গেছেন।
আবদুল মুহিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র বলেন, আজকে আমাদের একটি অপূরনীয় ক্ষতি হলো। আমরা অত্যন্ত শোকাহত। তার ইন্তেকালে আমরা ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ও দীর্ঘ সময় তিনি বাংলাদেশে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে নেতৃত্ব দিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম / মানবজমিন / ডি.আর




