এক দশক ধরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবার এখন ‘বিপদে’ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার বনানীতে ইলিয়াস আলীর বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করার তিনি সাংবাদিকদের বলেন, ‘ইলিয়াস আলীর স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। তার পরিবার অনেক বিপদে আছে।’


বিপদের কারণ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “তিনি (ইলিয়াসের স্ত্রী) বললেন, তার (ইলিয়াস আলী) ব্যাংক অ্যাকাউন্ট সেটা তারা হ্যান্ডেল করতে পারছেন না। তার গাড়ির ট্যাক্সও তারা দিতে পারছেন না। এই বিষয়গুলো তার পরিবারের কাছে একটা মর্মান্তিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।”

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীকে নিয়ে ইলিয়াস আলীর বাসায় যান ফখরুল। সেখানে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে কথা বলেন এবং ঈদ উপহার তুলে দেন।

বিএনপির মহাসচিব বলেন, “তার (ইলিয়াস) মেয়ের ভর্তির ব্যাপারে অনেক সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছে। সব কলেজে মেয়েকে ভর্তি করছিল না। পরে অনেক চেষ্টা-তদবির করে তার মেয়েকে ভর্তি করানো হয়েছে।

“এটা শুধু ইলিয়াস আলীর পরিবার নয়, গুম হওয়া সব পরিবারগুলো এমন নিদারুণ কষ্টের মধ্যে আছেন।”

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস ২০১২ সালে ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। তাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছিল বলে বিএনপির অভিযোগ। 

ফখরুল বলেন, “ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়ে কোনো প্রচেষ্টা দেখা যায়নি। যেহেতু সরকারই ইনভলবড। “যখন ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে... তখন তো মানুষজন দেখেছে যে, আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। যারা দেখেছেন তারাও গুম হয়েছে, তার গাড়ির চালকও গুম হয়েছে। খুব পরিষ্কার যে, এই সরকারের দ্বারাই এটা হয়েছে, সেই কারণে তারা উদ্যোগ নেই।”

ফখরুল বলেন, “সম্প্রতি দুজন ক্রসফায়ারে মারা গেছে। এটা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চার মাস পরে।

“এটার কারণটা হচ্ছে, আমি যেটা মনে করি, র‌্যাবের যে ক্যারেক্টার তারা তৈরি করে দিয়েছে, সেই ক্যারেক্টারে সমস্যা সমাধান বলতে সেটাকেই তারা মনে করে। একইভাবে মানবাধিকার লঙ্ঘন করে তারা কাজ করছে এবং করে যাবে।”

এ জন্য ‘জবাবদিহিতার অভাব’ রয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “ওই কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। তার জন্য স্বাভাবিকভাবে এসব হবে। এর একমাত্র কারণ এখানে কোনো জবাবদিহিতা নেই্।
“আমরা বার বার এ কথা বলেছি যে, সরকারের বড় সমস্যা হচ্ছে, তাদের যেহেতু জবাবদিহিতা জনগণের কাছে নাই, অন্য যেসব প্রতিষ্ঠান আছে তাদেরও সেই জবাবদিহিতার থাকার প্রয়োজন তারা মনে করে না।”

র‌্যাব ও এর সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে ভারতের কাছে সহযোগিতা চাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “সরকার ও আওয়ামী লীগ একটা ব্যাংক্রাফট হয়ে গেছে, তারা জাতীয় সমস্যা সমাধানের জন্য ভারতকে অনুরোধ করতে চায়।

“ভারতকে বলবে যে, তাদেরকে দিয়ে এই সমস্যার সমাধান করাবে। বিষয়টা হচ্ছে যে, এই সরকারের সেই মুভ নেই, তারা এটা নিয়ে মানুষের কাছে দাঁড়াতে পারছে না।”

ফখরুলের ভাষ্য, “যেহেতু সরকার ‘গুম’ করে, ‘খুন’ করে ‘নির্যাতন’ করে ক্ষমতায় টিকে আছে, তাদের নিয়ে এসব অপকর্ম করছে, সেজন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। তারা (সরকার) আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিম্মি হয়ে গেছে।”

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯